বরাক তরঙ্গ, ১ জুন : নলবাড়ির চাঞ্চল্যকর হামলার ঘটনায় অভিযুক্ত রোজ আলি পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়েছে। জানা গেছে, মুকালমুয়া চর এলাকায় আত্মগোপন করে ছিল রোজ আলি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজতে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযানের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে রোজ আলি। সেই সময় পুলিশ তার পায়ের দিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় রোজ আলি। পরে তাকে উদ্ধার করে নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রোজ আলির গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নলবাড়ি পুলিশ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় নলবাড়ির গঙ্গাপুর এলাকায় প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে মাধুর্য বর্মন ও মৃদুমুদ্রা ডেকাকে হামলা চালায় দুই দুর্বৃত্ত। সামতার বাসিন্দা মাধুর্য তার মামার বাড়ি গঙ্গাপুরে এসেছিল। বোন মৃদুমুদ্রাকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে বই কিনতে নলবাড়ি শহরে গিয়েছিল সে। ফেরার পথে গঙ্গাপুর সেতুর উপর তাদের পথরোধ করে একদল দুর্বৃত্ত। অভিযোগ, দুর্বৃত্তরা তরুণীকে অপহরণের চেষ্টা করলে বাধা দিতে গেলে মাধুর্যের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। পাশাপাশি তরুণীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃত্যু ঘটে মাধুর্য বর্মনের। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।



