প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বরাকের উন্নয়নের লক্ষ্যে ২৪ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মোদির

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রবল জনউচ্ছ্বাসের মধ্যেই বরাক উপত্যকার উন্নয়নের লক্ষ্যে প্রায় ২৪ হাজার কোটি টাকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম পাঁচগ্রাম থেকে বরাপানি পর্যন্ত নির্মিতব্য হাই-স্পিড গ্রিনফিল্ড করিডোর বা এক্সপ্রেস হাইওয়ে, যা বাস্তবায়িত হলে বরাক উপত্যকার সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিলচর শহরের যানজট সমস্যা কমাতে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এছাড়াও শ্রীভূমি জেলার পাথারকান্দিতে প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ে বরাক উপত্যকার প্রথম কৃষি মহাবিদ্যালয় নির্মাণের শিলান্যাস করা হয়।প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দক্ষিণ অসমের মানুষের উৎসাহ-উন্মাদনা থামাতে পারেনি কোনো বাধাই। হাজার হাজার মানুষ এদিন শিলচরের জনসভাস্থলে জড়ো হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান।প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শিলচর শহরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয় এবং শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। জনসভাকে কেন্দ্র করে শহরের নানা এলাকায় যানজটও লক্ষ্য করা যায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালসহ রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্র সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *