৮ সেপ্টেম্বর : মাঝআকাশে বড়সড় যান্ত্রিক ত্রুটির জেরে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। কুয়ালালামপুর থেকে জেদ্দাগামী ফ্লাইটটিতে ১৮৬ জন যাত্রী ও কর্মী সওয়ার ছিলেন। বিমানটির একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ার পর চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি পূর্ণাঙ্গ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের MH156 নম্বর ফ্লাইটটি (এয়ারবাস A330-200, রেজিস্ট্রেশন নম্বর 9M-MTY) নির্ধারিত সময় মেনেই চলার পথে এই বিপত্তির মুখে পড়ে। বিকেল ৪টে ৭ মিনিটে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টে ৪০ মিনিটে নামার কথা থাকলেও, সমস্ত নিরাপত্তা প্রোটোকল মেনে বিকেল ৪টে ৪৪ মিনিটে বিমানটি নিরাপদে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ৪৫ নম্বর বে (Bay)-তে রাখা হয় এবং এর আগেই বিমানবন্দরের সমস্ত জরুরিকালীন উদ্ধারকারী দল ও চিকিৎসকদের প্রস্তুত রাখা হয়েছিল।

চেন্নাই বিমানবন্দরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইঞ্জিনের গোলযোগের কারণে বিমানটি চেন্নাইতে ঘুরিয়ে নেওয়া হয়েছিল। বিমানে থাকা ১৮৬ জন যাত্রীর মধ্যে কারও আহত হওয়ার কোনো খবর নেই। বর্তমানে বিমানটির যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন এয়ারলাইন্সের বিশেষজ্ঞ প্রযুক্তিগত দলগুলি। যাত্রীদের পরবর্তী গন্তব্যে পাঠানোর জন্য বিকল্প ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।



