এনএইচ-৩৭ উন্নয়ন প্রকল্প অনুমোদন, মুখ্যমন্ত্রী ও নীতিন গড়করির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কৃষ্ণেন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীভূমি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এনএইচ-৩৭ (নতুন)-এর শিলচর–চুরাইবাড়ি অংশের ওয়ান-টাইম ইমপ্রুভমেন্ট প্রকল্প অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মৎস্য, পশুপালন, ভেটেরিনারি ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্প অনুমোদনের জন্য তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এক বিবৃতিতে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে শ্রীভূমি জেলার মানুষের অন্যতম দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন। প্রকল্পটি অনুমোদন পাওয়ায় জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং সামগ্রিক উন্নয়নের পথ আরও সুগম হবে।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবর্ষে ৪৩ কোটি ৫০ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে করিমগঞ্জের কিমি ০.০০০ থেকে উলুকান্দির কিমি ১২.৫০০ পর্যন্ত এনএইচ-৩৭ (নতুন)-এর শিলচর–চুরাইবাড়ি অংশে ওয়ান-টাইম ইমপ্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জীর্ণ ও ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকা এই সড়ক সংস্কারের ফলে যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

কৃষ্ণেন্দু পাল বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ যাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রকল্প বাস্তবায়নের পর সেই সমস্যার অনেকটাই সমাধান হবে।

তিনি আরও বলেন, উন্নত সড়ক যোগাযোগ কোনো অঞ্চলের অর্থনৈতিক বিকাশের অন্যতম প্রধান শর্ত। এই প্রকল্পের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং নতুন বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে, যা সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে।
বিধায়ক মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে অব্যাহত অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, সড়ক, সেতু, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নেতৃত্বে দেশের জাতীয় সড়ক নেটওয়ার্কের ব্যাপক উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি।

তঁর মতে, প্রকল্পটি সম্পূর্ণ হলে শুধু শ্রীভূমি জেলা নয়, সমগ্র বরাক উপত্যকার মানুষ এর সুফল পাবেন। উন্নত সড়ক যোগাযোগের ফলে বাণিজ্য, পর্যটন ও আন্তঃরাজ্য যোগাযোগ আরও গতিশীল হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জরুরি পরিষেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত এই উন্নয়নমূলক উদ্যোগের সুবিধা পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সময়মতো কাজ সম্পন্ন করতে হবে।

এদিকে, প্রকল্প অনুমোদনের খবরে শ্রীভূমি ও পাথারকান্দি এলাকার মানুষের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশা, দ্রুত কাজ শুরু হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান হবে এবং অঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *