১৬ জুলাই : এবার দল ছাড়লেন কোয়েল মল্লিক। সঙ্গে রাজ্যসভার সদস্যপদও। আজ, বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। এর পরই কোয়েল দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা। যার ফলে বাড়ছে জল্পনা। তবে কি সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর কোয়েল যোগ দিতে চলেছেন বিজেপিতে? সেই প্রশ্ন উঠছে।Politics
সূত্রের খবর, দিন ১৫ আগে ইমেলে রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগপত্র দিয়েছিলেন কোয়েল। কিন্তু নিয়ম অনুসারে ইস্তফা দেওয়ার জন্য সাংসদকে সশরীরে উপস্থিত হয়ে চেয়ারম্যানের কাছে হাজির হতে হয়। দিতে হয় কয়েকটি প্রশ্নের উত্তর। স্বাভাবিকভাবে কোয়েলের সেই পদত্যাগপত্র খারিজ হয়ে গিয়েছিল। আজ, বৃহস্পতিবার, রথযাত্রার সকালে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের হাতে ইস্তফাপত্র তুলে দেন।
চলতি বছরের গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন কোয়েল। এর পরে তাঁকে রাজ্যসভায় প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৬ এপ্রিল সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ নেন অভিনেত্রী। কিন্তু ৪ মে’র পরে বঙ্গ রাজনীতিতে নয়া মোড় এসেছে। বর্তমানে দুই শিবিরে বিভক্ত সদ্য প্রাক্তন শাসক দল তৃণমূল। দিন যত যাচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লেখানো ঘাসফুলের নেতার সংখ্যা বাড়ছে।



