বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মার্চ : এআইইউডিএফ ত্যাগ করে সদ্য অগপতে যোগদান করা বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে কাছাড়ে বিপুল সংবর্ধনা জানানো হয়। বুধবার দুপুর প্রায় ১২টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি ট্যাঙ্ক রোডস্থিত অগপ-র জেলা কার্যালয়ে প্রথমবারের মতো উপস্থিত হন তিনি। সেখানে জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় করেন বিধায়ক। অগপ-র কাছাড় জেলা কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা অসমিয়া ফুলন গামছা ও ফুলের তোড়া দিয়ে করিম উদ্দিন বড়ভূইয়াকে উষ্ণ সংবর্ধনা জানান।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, সোনাইয়ের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একজন দুর্নীতিগ্রস্ত বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমিনুল হক লস্কর। তিনি দাবি করেন, বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে দুর্নীতিমুক্ত সোনাই বিধানসভা গড়ে তোলার চেষ্টা করেছেন এবং বিভিন্ন এলাকায় ব্যাপক রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করেছেন।
তিনি আরও বলেন, যেখানে উন্নয়ন হবে সেখানেই তিনি থাকবেন এবং সংখ্যালঘুদের ওপর কোনও ধরনের অত্যাচার হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার সব আসনেই এনডিএ প্রার্থীদের জয় নিশ্চিত বলেও তিনি দাবি করেন এবং বিরোধীদের তেমন কোনো লড়াই হবে না বলেও মন্তব্য করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপের কাছাড় জেলা কমিটির সভাপতি নজমুল হক মজুমদার, কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সম্পাদক সুজিত শর্মা ও মোমিনুল হক লস্কর, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক, শারিকা আজমি বড়ভূইয়া, রিয়াজুল হক বড়ভূইয়া, উদারবন্দ বিধান পরিষদের সম্পাদক নেপাল সিংহ, শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদ্বীপ ভট্টাচার্য (দীপন), খালেদ হাসান লস্কর, রিয়াজুল হক লস্করসহ অন্যান্য নেতা-কর্মীরা।



