১০ জুন : ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ জুন, ২০২৬ তারিখে তিনি দেশের দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর টানা ৪,৩৯৯ দিনেরও বেশি সময় ধরে দেশের নেতৃত্ব দিয়ে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করেছেন।
এই ঐতিহাসিক সাফল্য উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক নেতাদের বার্তায় ভারতের অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক কূটনীতিতে দেশের ক্রমবর্ধমান প্রভাব এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় মোদীর নেতৃত্বের প্রশংসা করা হয়েছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়াকা প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই অর্জন শুধু দীর্ঘ কার্যকালের প্রতীক নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের তাঁর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসেরও প্রতিফলন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মোদীর নেতৃত্বকে “দূরদর্শী ও প্রভাবশালী” বলে উল্লেখ করে ভারত-ইতালি কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একইভাবে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ভারত-গ্রিস দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন।
ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগে মোদিকে “বন্ধু ও দূরদর্শী নেতা” আখ্যা দিয়ে বলেন, ভারতের উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদীকে বিশ্ব নেতৃত্বের এক অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং ২০ কোটিরও বেশি ভারতীয়কে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
এছাড়াও বিশ্বের আরও বহু নেতা প্রধানমন্ত্রী মোদির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই তাঁকে গ্লোবাল সাউথের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ধারাবাহিকভাবে বিজয়ী হয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশের নেতৃত্ব দিচ্ছেন। গত বছর তিনি ইন্দিরা গান্ধীর একটানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড অতিক্রম করেছিলেন। এবার জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির স্থাপন করলেন। পাশাপাশি তিনি দেশের প্রথম অ-কংগ্রেসি নেতা, যিনি পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হয়েছেন।



