মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন : অসমের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণে পাথারকান্দির তিনবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই পাথারকান্দি, লোয়াইরপোয়া এবং সমগ্র শ্রীভূমি জেলায় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বৃহস্পতিবার ভোর থেকেই শত শত বিজেপি নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। কেউ ট্রেনে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে রাজধানীর পথে যাত্রা করেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা ও শুভেচ্ছা ব্যানার।
দলীয় কর্মীদের মতে, কৃষ্ণেন্দু পালের পুনরায় মন্ত্রিত্ব শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পাথারকান্দি ও সমগ্র বরাক উপত্যকার জন্য গৌরবের বিষয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগের স্বীকৃতিস্বরূপ তিনি আবারও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও অবকাঠামোগত ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখ করে স্থানীয় বাসিন্দারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কৃষ্ণেন্দু পালের দ্বিতীয় দফার মন্ত্রিত্বে বরাক উপত্যকার উন্নয়ন আরও গতি পাবে বলে আশাবাদী সাধারণ মানুষ ও দলীয় নেতৃত্ব। তাঁর শপথ গ্রহণকে ঘিরে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ-উদযাপনের প্রস্তুতিও দেখা গেছে।



