বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ভারতীয় জনতা যুব মোর্চা-র অসম প্রদেশ কমিটির উদ্যোগে গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘যুব শক্তি সমাবেশ’-এ অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার আয়োজিত এই বিশাল সমাবেশে তিনি রাজ্যের প্রায় ১.৫ লক্ষাধিক যুবক-যুবতীকে সম্বোধন করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন তেজস্বী সূর্য, যিনি বর্তমানে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি অসম প্রদেশের সভাপতি ও দৰং–উদালগুড়ি লোকসভা আসনের সাংসদ দিলীপ শইকীয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা।

এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার যুব ভোটারদের উপস্থিতিতে কার্যত নির্বাচনী প্রস্তুতির বার্তা দেওয়া হয়। অসমের উন্নয়ন ও অগ্রগতির যাত্রায় যুব শক্তির সংকল্পকে আরও দৃঢ় করতে এই ‘যুব শক্তি সমাবেশ’-এর আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অসমের যুব শক্তির এই বিশাল সমাগম রাজ্যে বিজেপির প্রতি জনগণের শক্তিশালী সমর্থনের প্রতিফলন। তিনি যুব সমাজকে রাজ্যের উন্নয়নের অগ্রযাত্রায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।



