গোলাঘাটে ভয়াবহ হামলা, একই পরিবারের ৪ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুন : গোলাঘাট জেলার জামুগুরির নগুরা গ্রামে এক ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নামঘরের ভাওনা অনুষ্ঠানে বায়ন (বাদ্যযন্ত্র পরিবেশন) নিয়ে বিরোধের জেরে এক যুবক একই পরিবারের চার সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

অভিযুক্ত যুবক ঋতুপর্ণ হাজরিকা। অভিযোগ, ভাওনা চলাকালীন তিনি যে বায়নের দাবি করেছিলেন, তার বিরোধিতা করেন বিতুল দত্ত ও বিজন কৃষ্ণ দত্ত। এর জেরেই ক্ষুব্ধ হয়ে ঋতুপর্ণ হাজরিকা ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি হামলা চালান।

এই হামলায় গুরুতরভাবে আহত হন বিতুল দত্ত, ইলামণি দত্ত, বিজনকৃষ্ণ দত্ত এবং কমলাক্ষী শইকিয়া। আহতদের প্রথমে গোলাঘাটের শহিদ কুশল কোঁওর অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জেএমসিএইচ) স্থানান্তর করা হয়েছে। অপর একজন গোলাঘাট সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ঋতুপর্ণ হাজরিকাকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নামঘরের ভাওনা উপলক্ষে বায়ন নিয়ে হওয়া বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। তবে ঘটনার প্রকৃত কারণ ও সমস্ত তথ্য পুলিশের তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। এই নৃশংস ঘটনার পর গোটা গোলাঘাট জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *