শিলচর চা শ্রমিক ইউনিয়ন অফিসে জলহা কমিউনিটির ঐতিহাসিক জনসভা

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলচরের চা শ্রমিক ইউনিয়ন অফিসে টি অ্যান্ড এক্স-টি জলহা কমিউনিটির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বরাক ভ্যালির বিভিন্ন চা-বাগান ও এলাকা থেকে অসংখ্য প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অল আসাম চা ইউনিয়নের রাজ্য সভাপতি দুলন নায়ক, বরাক ভ্যালি চা ইউনিয়নের সভাপতি ও করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মালা, সহ-সভাপতি রাজদীপ গোয়ালা সহ ইউনিয়নের বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরাক ভ্যালি টি অ্যান্ড এক্স-টি জলহা কমিউনিটির সভাপতি মুক্তার উদ্দিন আনসারী এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও অংশ নিয়েছিলেন। এই ধরনের সভাগুলো চা শ্রমিকদের দাবি তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।সভায় বরাক ভ্যালির টি অ্যান্ড এক্স-টি জলহা কমিউনিটির দীর্ঘদিনের সমস্যা ও ন্যায্য দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—ওবিসি কাস্ট সংক্রান্ত সমস্যার সমাধান। চা-বাগানের জমির পাট্টা (মাটির পাট্টা) বিষয়ক জটিলতা নিরসন। সরকারি প্রকল্প ও ড্রাইভে বঞ্চনার অভিযোগ।কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। কুতুবউদ্দিন আনসারী সহ বক্তারা সমস্যার বাস্তবচিত্র তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। দুলন নায়ক, কৃপা নাথ মালা ও রাজদীপ গোয়ালা স্পষ্টভাবে জানান, শীঘ্রই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তাঁরা আশ্বাস দেন, আগামী নির্বাচনের পূর্বে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

চা শ্রমিকদের এই দাবিগুলো বরাক ভ্যালিতে ঘন ঘন উঠে আসে। উপস্থিত জলহা কমিউনিটির জনগণ ঐক্যবদ্ধ সমর্থন ব্যক্ত করে আসাম সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা জানান। ভবিষ্যতে উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। নেতৃবৃন্দ মনে করেন, এই সভা কমিউনিটির ঐক্য, সচেতনতা ও অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করবে। “সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যই আমাদের শক্তি—উন্নয়নের পথে এগিয়ে চলুক বরাক ভ্যালি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *