বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ৬৫তম শিক্ষক দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে শনিবার পিএমশ্রী পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ৪২ জন কৃতী শিক্ষক-শিক্ষিকাকে প্রশংসাপত্র ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএস কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়সমূহের পরিদর্শক তাপস দত্ত ও সহকারী বিদ্যালয় পরিদর্শক জসিম আহমেদ শিক্ষক দিবসের পতাকা উত্তোলন করেন। পরে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করা হয়। এতে অংশ নেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমেদ মজুমদার, ড. রতন কুমার, জসিম আহমেদ, হাইলাকান্দি শিক্ষা খণ্ডের খণ্ড শিক্ষা আধিকারিক মনোজ কৈরীসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়সমূহের পরিদর্শক তাপস দত্ত। মলিনা চৌধুরীর পরিচালনায় পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে।

অনুষ্ঠানের বিশেষ পর্বে রাজ্যপালের পক্ষ থেকে প্রেরিত ‘বরিষ্ঠ শিক্ষকের সম্মান’ অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীপ্তি রায়ের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমেদ মজুমদার।
এদিন বক্তব্য রাখেন এলপি শিক্ষক সংস্থার সচিব সৈয়দ আহমেদ লস্কর, হাইস্কুল শিক্ষক সংস্থার সম্পাদক মোহাম্মদ আলি মাঝারভূইয়া, সহকারী বিদ্যালয় পরিদর্শক জসিম আহমেদ এবং খণ্ড শিক্ষা আধিকারিক মনোজ কৈরী। সংবর্ধিত শিক্ষক-শিক্ষিকারাও তাঁদের অনুভূতি ব্যক্ত করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে অতিথিরা প্রশংসাপত্র ও স্মারক তুলে দেন।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান দেওয়ার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের শিক্ষাও প্রদান করেন। সমাজ ও জাতি গঠনে তাঁদের অবদান তাই চিরস্মরণীয়।



