বরাক তরঙ্গ, ১৯ জুলাই : নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাতের জেরে শিবসাগর, চরাইদেউ ও যোরহাট জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছে। বিশেষ করে চরাইদেউ জেলার টিঙালিবাম, বাঁহবাড়ি, লেকাম পাথার, চফ্রাই, বৈরাগীহাবি, টকলিমৰা, রাইদঙীয়া, লালতিপথার, বেকাদলং এবং নকছাড়ি-সহ একাধিক এলাকা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির দ্রুত অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মন্ত্রী অজন্তা নেওগ, বিমল বরা, কেশব মহন্ত এবং সুশান্ত বরগোহাঁইকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনে উদ্ধার অভিযানে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনাকেও প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী জানান, শিবসাগর, চরাইদেউ ও যোরহাট জেলায় অবিরাম বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। রাজ্য সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুততর করার জন্য প্রয়োজনীয় সব নির্দেশ দেওয়া হয়েছে
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষ যাতে সময়মতো সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ কার্যক্রমের তদারকি করতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, পরিস্থিতির প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনার সহযোগিতা নেওয়া হবে। তিনি বলেন, “রাজ্যের মানুষের জীবন ও নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই দুর্যোগ মোকাবিলায় সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাবে।”



