বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : তীব্র গরমের কথা মাথায় রেখে শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলিতে পরিবর্তন করা হয়েছে পঠনপাঠনের সময়সূচি। আগামী ১৭ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, জেলার এলপি স্কুলগুলিতে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে। এমই স্কুলে সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পঠনপাঠন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।
অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীদের যাতে কোনও ধরনের শারীরিক সমস্যায় পড়তে না হয়, সেজন্য প্রতিটি বিদ্যালয়ে ORS, ইলেক্ট্রোলাইট দ্রবণ এবং প্রয়োজনীয় সামগ্রী-সহ ফার্স্ট-এইড বক্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পড়ুয়ার মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, মাথাব্যথা, বমি বমি ভাব, বিভ্রান্তি কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিষয়টি তার অভিভাবককে অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রচণ্ড গরমের সময়ে বিদ্যালয়ের বাইরে খেলাধুলা, কঠোর শারীরিক কার্যক্রম, দীর্ঘ সময়ের শারীরিক প্রশিক্ষণ, র্যালি, প্যারেড এবং দীর্ঘক্ষণ রোদে থাকতে হয়—এমন কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যালয়গুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।



