২৫ জুলাই : ফরাসি কর্তৃপক্ষ বোর্দোর কাছে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে ফ্রান্স ও স্পেনে দাবানলের কারণে সরে যেতে বাধ্য হওয়া মানুষের মোট সংখ্যা এখন ২ লাখ ২০ হাজারের বেশি।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গিরোন্দ ও লঁদ অঞ্চলে প্রায় ২ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছেন।
স্পেনের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মাদ্রিদের কাছে ছড়িয়ে পড়া একটি দাবানল এখন অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণের সক্ষমতার বাইরে চলে গেছে। রাজধানীর পশ্চিমে তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে একটি বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হওয়ার পর এ সতর্কতা দেওয়া হয়।
স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রায় ৬৩ হাজার মানুষকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে অথবা ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এর মধ্যে অন্তত ২৫ হাজার মানুষকে সরাসরি এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো একে ‘অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল’ বলে বর্ণনা করেছেন।
স্পেনে স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দাবানল রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা এবং ফ্রেসনেদিয়াস দে লা অলিভা পৌর এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।
মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিয়ো সাংবাদিকদের বলেছেন, “দাবানল এখন সবচেয়ে ভয়াবহ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এটি নিয়ন্ত্রণে আনার সক্ষমতা অগ্নিনির্বাপক বাহিনীর নেই।”
তিনি আরও বলেন, “ওই এলাকায় সরাসরি আগুনের বিরুদ্ধে অভিযান চালানো সম্ভব নয়। তাই এখন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।
আগুনের বিস্তার থামানোর চেষ্টা করতে স্পেনের সামরিক জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে। তাদের প্রধান লক্ষ্য হলো এল এস্কোরিয়াল শহরের আশপাশের এলাকাগুলোকে সুরক্ষিত রাখা।
কর্তৃপক্ষ কাছাকাছি আভিলা প্রদেশে ছড়িয়ে পড়া আরেকটি দাবানলের দিকেও নজর রাখছে। কর্মকর্তাদের আশঙ্কা বুরগোহন্দো এলাকার বিশাল দাবানলটি মাদ্রিদের দাবানলের সঙ্গে একীভূত হতে পারে।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা বলেছেন, দুটি দাবানল একত্রিত হওয়া ঠেকাতে কর্তৃপক্ষ ‘সম্ভব সবকিছুই করছে’।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাদ্রিদ অঞ্চলে ৬০ হাজারেরও বেশি মানুষ এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২০ হাজার মানুষকে ঘরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর : বিবিসি বাংলা।



