ভিন্ন সম্প্রদায়ের যুবককে বিয়ে করায় মেয়েকে খুনের অভিযোগ, তিন দিন পর গ্রেপ্তার বাবা

Spread the news

২ জুন : ভিন্ন সম্প্রদায়ের এক যুবককে পরিবারের অমতে বিয়ে করার জেরে মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণে। নিহত তরুণীর নাম গায়ত্রী বাসেকর। ঘটনার তিন দিন পর সোমবার অভিযুক্ত বাবা বিনোদ বাসেকরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গায়ত্রী পরিবারের ইচ্ছার বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের এক যুবককে বিয়ে করেছিলেন। বিয়ের পর কয়েক দিনের জন্য তিনি বাপের বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে খাবার খাওয়ার পর গায়ত্রীর সঙ্গে তাঁর বাবার তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মেয়ের উপর হামলা চালান বিনোদ। ঘটনাস্থলেই গায়ত্রীর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যান।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেয়ের বিয়ে নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। গায়ত্রীর জন্য দু’বার অন্যত্র বিয়ের সম্বন্ধ ঠিক করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে নিজের পছন্দের যুবককে বিয়ে করেন। এই কারণেই পরিবারের ক্ষোভ আরও বাড়ে বলে পুলিশের দাবি। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছেন। টানা তিন দিনের তল্লাশির পর বাজেরপেঠ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মঙ্গলবার অভিযুক্তকে কল্যাণ আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *