রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলচর শহরেও ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিভরে পালিত হয়েছে মহা শিবরাত্রি। শহরের প্রতিটি শিব মন্দিরে ভোর থেকে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী সোমবার শিব চতুর্দশী উপলক্ষে শিলচর শহরের স্বর্গদুয়ার শ্মশানঘাট শিবমন্দির, ন্যাশনাল হাইওয়ের জগৎবন্ধু লেন ঠাকুরবাড়ি শিবমন্দির, গোপাল জিউরি আখড়া, আশ্রম রোড শিবমন্দির এবং তারাপুর শিববাড়ি রোডের তারকেশ্বর শিবমন্দিরসহ শহরের সব শিব মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়।
এদিন ভোর থেকেই শিবভক্তরা মন্দিরে উপস্থিত হয়ে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভগবান শিবের আরাধনা করেন। ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ ও পবিত্র উপাদান দিয়ে অভিষেক সম্পন্ন করেন এবং শিবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। মন্দির প্রাঙ্গণে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে মহিলারা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।

পাশাপাশি, শিব পূজা সমাপ্তির পর প্রতিটি মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী এই ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিবভক্তরা ভক্তি ও উৎসাহের সঙ্গে মহা শিবরাত্রি পালন করেন।
এ দিকে, মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও দুইদিনব্যাপী শিব চতুর্দশী ব্রত সাড়ম্বরে পালিত হয়েছে। ধর্মীয় নীতি ও নিয়ম কঠোরভাবে পালন করা হলো, যাতে হাজারো ভক্তের অংশগ্রহণ ছিল। রবিবার বিকেল থেকেই ভক্তদের ঢল মন্দির প্রাঙ্গণে নেমে আসে। বিশেষ করে মহিলারা শিবলিঙ্গে দুধ, ঘি, মধু এবং বেলপাতা দিয়ে স্নান করানোর দৃশ্য দেখা যায়।

সোমবার সকাল থেকে ভক্তদের উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন উপস্থিত সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।স্থানীয় ভক্তরা জানান, এই ব্রত শিব ভক্তির প্রতীক এবং সমাজের ঐক্যের বন্ধনকে মজবুত করে। অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছিল।



