মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ জুন : দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধান এবং পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে শ্রীভূমিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ নাগরিক সভা। শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেবের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই সভায় শহরের জলাবদ্ধতা, সড়ক পরিকাঠামো, সরকারি জমি দখল, অবৈধ বাজার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভা থেকে সরকারি জমি দখল ও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত সভায় জেলা আয়ুক্ত, উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়কদ্বয়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিক এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শহরের সার্বিক উন্নয়নকে সামনে রেখে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা। বক্তারা জানান, বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। পাশাপাশি ভাঙাচোরা সড়ক, অপরিকল্পিত নগরায়ণ এবং যানবাহন ব্যবস্থাপনার নানা অসঙ্গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব সমস্যা সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। তবে সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সরকারি জমি দখল এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। একইসঙ্গে অবৈধ বাজার, অনুমোদনহীন মোটরস্ট্যান্ড এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
বক্তারা স্পষ্টভাবে বলেন, উচ্ছেদ অভিযান কোনো এককালীন কর্মসূচি নয়; বরং জনস্বার্থ ও পরিকল্পিত নগর উন্নয়নের স্বার্থে এটি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে আইনের শাসন ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পক্ষেও মত প্রকাশ করা হয়।
এদিকে, সম্প্রতি শ্রীভূমি শহরের কেন্দ্রস্থলে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাও সভায় গুরুত্ব সহকারে আলোচিত হয়। ঘটনায় জড়িত এবং বর্তমানে পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হন উপস্থিত সদস্যরা। সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে শ্রীভূমির দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের নাগরিক সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নাগরিক স্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই সভাকে শ্রীভূমির ভবিষ্যৎ উন্নয়নের পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।



