বরাক তরঙ্গ, ২১ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরের কাঁঠাল রোডের বুধুরাইল এলাকার সর্বজনীন শ্রীশ্রী শিববাড়ি কমিউনিটি হলে বিজেপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিলচর ব্লক মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় শিলচর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়কে সমর্থন জানাতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস, অম্বিকাপুর জিপির পঞ্চায়েত সভাপতি মোহনলাল গোয়ালা, নীরেন পাল, দেবমালা দাস, অম্বিকাপুর জিপির সহ-সভাপতি ভিবারানি দাস, নিতাই কংস বণিক এবং প্রবীণ নাগরিক বিমল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও প্রায় অর্ধশতাধিক মহিলা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা ব্যক্তিগত প্রার্থী নয়, দলীয় আদর্শকে গুরুত্ব দিয়ে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সোমবার রাজদীপ রায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সবাইকে উপস্থিত থাকার জন্যও অনুরোধ রাখেন। তাঁরা আরও বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের ধারা চলছে, তা বজায় রাখতে রাজদীপ রায়কে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে।





