বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ আইপিএল জুয়ার সঙ্গে জড়িত এক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে। প্রথমে সমির আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার হওয়া অন্যান্য অভিযুক্তরা হল সাইবুল হোসেন লস্কর, জাহির হোসেন লস্কর, রজতকুমার সিং এবং আফতাব লস্কর।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে মোট ৮০,২৩০ টাকা নগদ অর্থ, ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইপিএল জুয়ার হিসাব সংবলিত একটি নোটবুক এবং জুয়া সংক্রান্ত ৪টি হিসাবের শিট উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের জব্দ সামগ্রীসহ সোমবার আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় শিলচর থানায় ৩৮৭/২০২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



