সোনাইয়ে কংগ্রেসের বৃহৎ কর্মী সম্মেলন, শাসক দলকে তীব্র আক্রমণ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : সোনাই বিধানসভা চক্রে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে ২৪৪টি বুথের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৃহৎ কর্মী সম্মেলনের আয়োজন করলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর।
বাঁশকান্দি ও সোনাই ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ব্যাপক সাড়া পড়ে। কর্মী-সমর্থকদের ভিড়ে সভাস্থল পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যসহ সোনাই কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি সজল আচার্য সোনাই এলাকার উন্নয়ন নিয়ে বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং সাধারণ মানুষের সমস্যাগুলি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তাঁর বক্তব্যে বলেন, “গত দু’বছরে দল যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিরোধী এজিপি প্রার্থী সম্প্রতি দলীয় টিকিট পাওয়ার পর সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। বর্তমান বিধায়কের কড়া সমালোচনা করে তিনি বলেন, “উন্নয়নের কাজ উপেক্ষা করে তিনি দিল্লি ও দিসপুরের সরকারের তোষামোদিতেই বেশি ব্যস্ত ছিলেন।”

এছাড়া তিনি কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে কংগ্রেসকে জয়ী করতে সবাইকে একযোগে লড়াই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *