বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : আজ থেকে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন ভূপেন বরা। গুয়াহাটির বশিষ্ঠ চারিআলির বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁর সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন যুব নেতা-সহ শতাধিক নেতা-কর্মীও বিজেপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
জানা গেছে, একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই ভূপেন কুমার বৰা বাজপেয়ী ভবনে উপস্থিত হন এবং বিজেপিতে যোগদানের জন্য বিশেষ পোশাক পরে আসেন।
যোগদানের পর ভূপেন বরা বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আরও বহু নেতা বিজেপিতে যোগ দেবেন। তিনি বলেন, “রাজীব ভবনের বহু স্বাভিমানী অসমিয়া শীঘ্রই বাজপেয়ী ভবনে আসবেন। রাজীব ভবন থেকে বাজপেয়ী ভবনে আসার ক্ষেত্রে আমি ‘শরাইঘাটের সেতুর’ মতো সেতুবন্ধনের ভূমিকা পালন করব।”
কংগ্রেসে থাকা স্বাভিমানী অসমিয়াদের তিনি মহাভারতের চরিত্র কর্ণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “বর্তমানে কংগ্রেসে থাকা স্বাভিমানী অসমিয়াদের অবস্থা কর্ণের মতো। কর্ণের মৃত্যু নিশ্চিত জেনে তাঁর মা কুন্তী তাঁকে পাণ্ডবদের পক্ষে যেতে বলেছিলেন। কিন্তু কর্ণ তাঁর প্রতিশ্রুতি রক্ষা করে দুর্যোধনের পাশেই ছিলেন। আমিও এখন দুর্যোধনের মতো সেই শিবির ছেড়ে এসেছি, তবে কর্ণদের মতো অনেকেই ধীরে ধীরে বাস্তবতা উপলব্ধি করবেন।



