বড়খলায় গো-মাংস বিক্রি, উত্তেজনা, সড়ক অবরোধ, আটক ২

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বড়খলা থানার অন্তর্গত মাছিমপুর বাগান এলাকায় অবৈধভাবে গো-মাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। বড়খলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ বালিঘাট উজানগ্রাম এলাকা থেকে স্কুটিতে করে অবৈধভাবে গো-মাংস বহন করছিলেন পুতুল মিয়া লস্কর ও তাঁর এক সহযোগী। হোম ডেলিভারির উদ্দেশ্যে তাঁরা মাছিমপুর বাগান এলাকায় পৌঁছালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয়রা দু’জনকে আটক করে স্কুটিতে তল্লাশি চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন।

খবর পেয়ে বড়খলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তল্লাশিতে অভিযুক্তদের স্কুটি থেকে প্রায় চার কিলোগ্রাম সন্দেহজনক গো-মাংস উদ্ধার হয়। এরপর পুতুল মিয়া লস্কর ও তাঁর এক সহযোগীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *