একুশে জুলাই অমর ভাষা শহিদ দিবসে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের শ্রদ্ধাঞ্জলি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই:
অমর একুশে জুলাই ভাষা শহিদ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, অসমে বাংলাভাষার অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে এবং বিভিন্ন কৌশলে বাঙালি সমাজকে অবদমিত করে রাখার চেষ্টা চলছে। তাই শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভাষার অধিকার যে কোনও মূল্যে রক্ষা করার অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান তাঁরা।

ভাষা আন্দোলনের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল— ‘অসমে বাংলাভাষার অধিকার কি ক্রমশ সংকুচিত হচ্ছে?’। আলোচনায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে বাংলাভাষার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভায় বক্তব্য রাখেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, একুশে জুলাই আন্দোলনের নেতা তথা তৎকালীন ‘বরাক উপত্যকা সংগ্রাম সমন্বয় কমিটি’র মুখ্য আহ্বায়ক মিহিরলাল রায়, আন্দোলনের সঙ্গে যুক্ত শরিফ উজ-জামান লস্কর, আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ, কবি ও সমাজকর্মী শতদল আচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সমাজকর্মী রাজদীপ দাম, বিষ্ণুপুরিয়া সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি কিরণ রাস এবং সমাজকর্মী বাহার আহমদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানানো এবং ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *