শিলচরে এভিবিপির প্রতিবাদ, ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট :
ঝাড়খণ্ডে সাম্প্রতিক প্রশ্নপত্র সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম বসুর পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে সংগঠনের শিলচর শাখার সদস্যরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান।
প্রতিবাদ কর্মসূচি থেকে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন এভিবিপির সদস্যরা। ঝাড়খণ্ডে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পুলিশের দমনমূলক আচরণেরও তীব্র নিন্দা জানানো হয়।

এভিবির জেলা আহ্বায়ক অর্পণ চক্রবর্তী বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি নির্যাতন ও কর্তৃত্ববাদী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এ ধরনের ঘটনা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর গুরুতর আঘাত।

কর্মসূচিতে শিলচর শাখার সম্পাদক সন্দীপন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দাস ও অভিজিৎ দাস-সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা ঝাড়খণ্ড পুলিশের ভূমিকা নিয়ে জবাবদিহির দাবি জানান।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় এভিবিপি। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাকে সংগঠনের পক্ষ থেকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *