ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি, লক্ষীপুরে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : কাছাড় জেলার লক্ষীপুরের লালপানি চৈলতারথল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। জানা গেছে, বাড়ির মালিক আলি হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেসময় ঘটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড। খবর পেয়ে তাঁরা দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, তাঁদের স্বপ্নের বসতবাড়িটি আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতার কারণে তাঁদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাড়িটি পুড়ে যায়।

তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাড়ির ভিতরে থাকা গবাদিপশুগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। খবর পেয়ে লক্ষীপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে দমকল কর্মীদের তেমন কিছু করার সুযোগ ছিল না।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। ঘটনার পর সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এ পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *