বরাক তরঙ্গ, ১০ মার্চ : চূড়ান্ত জনবিরোধী ও গ্রাহক বিরোধী বিদ্যুৎ (সংশোধনী) বিল, ২০২৫ সংসদে আইনে পরিণত করানোর অপচেষ্টার বিরুদ্ধে সারা দেশে বিদ্যুৎ গ্রাহকদের প্রতিনিধিত্বকারী সংগঠন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আহ্বানে মঙ্গলবার শিলচর থেকেও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে জেলা আয়ুক্ত মারফত স্মারকপত্র প্রদান করা হয়। অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়কদ্বয় যথাক্রমে অজয় আচার্য ও হিল্লোল ভট্টাচার্যের স্বাক্ষরিত স্মারকপত্রে উল্লেখ করা হয় যে এই বিলের বিধানগুলি মৌলিকভাবে গ্রাহক- বিরোধী। এই বিল ২০০৩ সালের বিদ্যুৎ আইনের মূল নীতিগুলিকে লঙ্ঘন করে এবং গ্রাহকদের সুরক্ষা প্রদানের চেয়ে বাণিজ্যিক মুনাফাকে অগ্রাধিকার দেয়। বিদ্যুৎ যেহেতু কোনও বিলাসবহুল পণ্য নয়; এটি আধুনিক জীবন এবং অর্থনীতিকে টিকে থাকার একটি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তা। এই বিল আইনে পরিণত হলে জনসাধারণের অতি প্রয়োজনীয় ব্যবস্থাকে বাজারের পণ্যে রূপান্তরিত করবে এবং সাধারণ নাগরিক, কৃষক এবং ক্ষুদ্র গ্রাহকদের স্বার্থ রক্ষার পরিবর্তে কর্পোরেটদের স্বার্থকে প্রাধান্য দেবে। এই বিলে বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণকে ত্বরান্বিত করার সুপারিশ রয়েছে, যা আইনে পরিণত হলে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে অন্তরায় হয়ে দাঁড়াবে।
স্মারকপত্রে দাবি করা হয় যে বিদ্যুৎ (সংশোধন) বিল, ২০২৫ প্রত্যাহার এবং বাতিল করতে হবে এবং ভবিষ্যতে বিদ্যুৎ আইনে কোনো পরিবর্তন করতে চাইলে রাজ্য সরকার, বিদ্যুৎ খণ্ডের কর্মচারী, বিশেষজ্ঞ এবং বিদ্যুৎ গ্রাহক ফোরাম সহ সমস্ত প্রাথমিক অংশীদারদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে।
শিলচরের জেলা আয়ুক্ত মারফত স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ, পরিতোষ ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ।



