বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ভারতমালা প্রকল্পের অধীনে জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার উধারবন্দের কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে তিনজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় বুলডোজার দিয়ে সড়ক নির্মাণের জন্য চিহ্নিত জমির ওপর থাকা প্রায় ৬০টি ঘর এবং অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, উচ্ছেদ হওয়া বেশ কিছু স্থাপনার মালিক আগেই ক্ষতিপূরণ পেয়েছিলেন। তবে জমি অধিগ্রহণের পর অতিরিক্ত ক্ষতিপূরণের আশায় কিছু নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছিল বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুন সংলগ্ন আরকাটিপুর ও নতুন দয়াপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক ঘর ভেঙে ফেলা হয়। পরিকল্পনা অনুযায়ী ৬ জুন কাশীপুর দ্বিতীয় খণ্ডে অভিযান হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা স্থগিত রাখতে হয়। অবশেষে মঙ্গলবার সেই অভিযান সম্পন্ন হয়।

ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য রংপুর, কাশীপুর, আরকাটিপুর ও নতুন দয়াপুর-সহ একাধিক এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড এলাকায়ও উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।
এদিকে, জমি অধিগ্রহণের সময় জিরাতের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের জুলাই মাসে পুলিশের দুর্নীতি দমন শাখা এক পাটোয়ারিকে গ্রেপ্তার করে। প্রশাসনের দাবি, অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



