মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুন : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অন্তর্ভুক্তির ঘোষণায় সহচরী এলাকায় নেমে আসে উৎসবের আবহ। নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পরপরই ব্যবসায়ী প্রতিষ্ঠান সহচরীর কর্মচারী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মন্ত্রিসভায় কৃষ্ণেন্দু পালের পুনর্নিয়োগের খবর পৌঁছাতেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা একত্রিত হন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সামনে এবং জাতীয় সড়কের ধারে শুরু হয় আনন্দ উদযাপন। বাজি-পটকার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পাশাপাশি উপস্থিত মানুষের মধ্যে লাড্ডুসহ বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ করা হয়। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কর্মচারী ও সমর্থকরা।

এসময় উপস্থিতদের অনেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কৃষ্ণেন্দু পালের দীর্ঘদিনের জনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে পুনরায় মন্ত্রীসভায় স্থান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে পাথারকান্দি তথা বরাক উপত্যকার মানুষ গর্বিত ও আনন্দিত বলেও তাঁরা মন্তব্য করেন।



