বরাক তরঙ্গ, ৯ মার্চ : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অসম পুলিশ ও ৩৮ আসাম রাইফেলসের যৌথ অভিযানে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম সাহাজ উদ্দিন (৩৫)। ধলাই থানার অন্তর্গত রাজনগর এলাকার বাসিন্দা।
জানা গেছে, সাদা রঙের একটি মারুতি বেলেনো গাড়ি (নং AS 11 U 5969) ধলাই থেকে শিলচরের দিকে আসছিল। রবিবার রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ শিলচর বাইপাসে গাড়িটি আটক করে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় গাড়ি থেকে ১৭টি সাবানের কেসে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় ২০৯ গ্রাম বলে জানা গেছে। কালোবাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।
পরবর্তীতে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে এনডিপিএস আইনের অধীনে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।




