ভাগাবাজার নিউমার্কেটে সড়কজুড়ে দাড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইকের, হত ১

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ ১৩ মার্চ : কাছাড় জেলার ভাগাবাজার নিউমার্কেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলচর-আইজল জাতীয় সড়কের ভাগাবাজার নিউমার্কেট এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সড়কের প্রায় অর্ধেক অংশজুড়ে এমজেড–০৫এ–২৮৩১ নম্বরের একটি ১২ চাকার লরি দাঁড় করিয়ে রাখা ছিল। দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। রাত প্রায় দেড়টার দিকে ধলাই দিক থেকে লায়লাপুর অভিমুখে যাচ্ছিল এএস–১১–কে–৫৪৭১ নম্বরের একটি ডিসকভার বাইক, যাতে দুইজন আরোহী ছিলেন।

ভাগাবাজার নিউমার্কেটে পৌঁছানোর পর হঠাৎ করেই বাইকটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের মতে, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজন গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন ১০৮ জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা-এ। অ্যাম্বুলেন্স এসে দু’জনকেই উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সড়কের উপর অবৈধভাবে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণেই এলাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এদিকে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁরা অসম-মিজোরাম সীমান্তবর্তী চান্নীঘাট অঞ্চলের বাসিন্দা হতে পারেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি সড়ক থেকে অবৈধভাবে পার্ক করা ভারী যানবাহন সরাতে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *