মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমিনুল হকের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সোনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। শুক্রবার সোনাই শহরে শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর নারীদের ব্যক্তিগত ও গোপনীয় রোগ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন। বিধায়ক করিম উদ্দিন বড়ভুঁইয়ার রোজার দিনে জলপান সংক্রান্ত ঘটনার প্রসঙ্গ টেনে বক্তব্য রাখতে গিয়েই তিনি ওই মন্তব্য করেন বলে অভিযোগ। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় ওঠে।

এর জেরে শুক্রবার শতাধিক মহিলা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। পরে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কণিকা দে, শিউলিরানি দাস ও সারিকা আজমি বড়ভূইয়া বলেন, আমিনুল হক নারীদের সম্মানে আঘাত করেছেন। অথচ তিনিও একজন নারীর গর্ভ থেকেই জন্ম নিয়েছেন। নারীদের অপমান করে কেউ নেতা হতে পারে না বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে প্রকাশ্যে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় নির্বাচনে ভোটের মাধ্যমে মহিলারা এর উপযুক্ত জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, পুর সদস্য নূর আহমেদ বড়ভূইয়া এবং প্রাক্তন পুর সদস্য রামকৃষ্ণ নাথসহ অন্যান্যরা। তাদের অভিযোগ, আমিনুল হক সোনাই এলাকার শান্তি-সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন। পাশাপাশি নারীদের নিয়ে অশালীন মন্তব্য করে তিনি নারীসমাজ তথা নিজের মায়ের জাতিকেই অপমান করেছেন বলেও তারা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *