বরাক তরঙ্গ, ১৩ মার্চ : শুক্রবার গুয়াহাটি থেকে ভার্চুয়ালি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রায় ৪৭ হাজার ৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে বিটিসি অঞ্চলে চারটি উড়ালপুল এবং দু’টি সেতুর ভূমিপূজনও করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, বিটিসি এলাকায় চারটি ফ্লাইওভার, দু’টি সেতু, ছয়টি সড়ক এবং একটি রেলওয়ে ওয়াগন ওয়ার্কশপের ভূমিপূজন করা হয়। পাশাপাশি কোকরাঝাড়–গেলেফু প্রস্তাবিত রেলপথ প্রকল্পেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও কামাখ্যা–চরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নারেঙ্গি-আগরতলা এক্সপ্রেস ট্রেন পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। ২৫৬ কোটি টাকা ব্যয়ে বাঁহবাড়ি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। একই সঙ্গে অসম মালা ৩.০ প্রকল্পের অধীনে রাজ্যের ৩৪টি জেলার সড়ক উন্নয়ন এবং ৩৬টি সেতু নির্মাণের কাজেরও ভূমিপূজন করা হয়।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি কোকরাঝাড়ে যেতে পারেননি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বক্তব্যে তিনি বড়ো নেতা উপেন্দ্র ব্রহ্ম ও রূপনাথ ব্রহ্মকে স্মরণ করেন এবং বলেন, মানুষের সেবা করেই তাঁদের ঋণ শোধ করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, অসম মালা ৩.০ প্রকল্প রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে। নতুন তিনটি ট্রেন চালু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রেও উন্নতি হবে। এক সময় বড়োল্যান্ডে বন্দুকের গর্জন শোনা যেত, কিন্তু বর্তমানে অঞ্চলটি শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রেল যোগাযোগ আরও উন্নত হলে বড়োল্যান্ডকে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত করা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেস অতীতে বড়োল্যান্ডের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সংঘাতও সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তবে বর্তমান সরকার বিটিসিতে স্থায়ী শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
এ দিন সকালে, গুয়াহাটির বরঝাড়স্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও প্রদেশ সভাপতি।



