১৪ মার্চ দোহালিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : বরাক উপত্যকার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। আগামী ১৪ মার্চ পাথারকান্দি বিধানসভা এলাকার দোহালিয়ায় প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে অবহেলিত বরাক উপত্যকায় কৃষি ও উচ্চশিক্ষার বিকাশে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দোহালিয়ায় নির্ধারিত স্থানে গিয়ে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য নির্ধারিত জমি ও অন্যান্য অবকাঠামোগত বিষয় খতিয়ে দেখা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনাও দেন মন্ত্রী। ভূমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সার্কল অফিসার অধিতি নুনিসা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, বিজেপির স্থানীয় নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয়দের মতে, দোহালিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বরাক উপত্যকার কৃষি, শিক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *