বরাক তরঙ্গ, ১০ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাটে এক অভিযুক্তের ইটের আঘাতে গুরুতর জখম হলেন পুলিশকর্মী। প্রাপ্ত খবর অনুযায়ী, লাহরিঘাট থানার অন্তর্গত অমরাগুড়ি গ্রামের ইমরান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় দীর্ঘদিন ধরে আদালতের সমন জারি করা হলেও তিনি হাজিরা দেননি। ২০১৮ সাল থেকে ইমরান পলাতক ছিলেন, যার ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করতে লাহরিঘাট থানার পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইমরান হোসেন বাধা দেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে একটি ইট দিয়ে পুলিশ জোয়ান সিরাজুল আলমের কপালে সজোরে আঘাত করে। এই আঘাতে জোয়ান সিরাজুল আলম গুরুতরভাবে জখম হন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় লাহরিঘাট থানায় একটি ২৬/২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। গুরুতরভাবে জখম পুলিশ জোয়ানকে লাহরিঘাট হাসপাতালে ভর্তি করানো হয় এবং আঘাতের স্থানে সাতটি করে সিলাই হয়। এদিকে, অভিযুক্ত ইমরান হোসেনকে আজ মরিগাঁও জেল হাজতে পাঠানো হয়।



