বরাক তরঙ্গ, ১০ মার্চ : বরাক উপত্যকার সুপরিচিত সমাজকর্মী তমিজ উদ্দিন লস্কর আর নেই। সোমবার রাত ১১টা ২৯ মিনিটে আরকাটিপুর জিপির গোঁসাইপুর প্রথম খণ্ড (রাধানগর)-এ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শিলচরের একটি হাসপাতালে এবং পরবর্তীতে শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। অবশেষে সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, তিন ভাই, চার বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার অসংখ্য মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন দুপুর দেড়টায় বাড়ি সংলগ্ন মাঠে বিপুল মানুষের উপস্থিতিতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তমিজ উদ্দিন লস্কর, যিনি সবার কাছে ‘লস্কর’ নামেই পরিচিত ছিলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অত্যন্ত আপনজন ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি অসম পুলিশের হাবিলদার হিসেবে দায়িত্ব পালন করেন।
সমাজসেবামূলক কাজের মাধ্যমে তিনি ধীরে ধীরে বরাক উপত্যকার তিন জেলাতেই পরিচিত হয়ে ওঠেন। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজের অন্যায়, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে তিনি প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন এআইপিসিসি-র অন্যতম কর্মকর্তা সেরাম হেরাজিৎ সিংহ, জসিম উদ্দিন লস্করসহ অনেকে।
মঙ্গলবার বিকেলে রাধানগরের বামুনবধি স্লুইসগেট সংলগ্ন স্থানে আয়োজিত এক শোকসভায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
শোকসভায় বাঁশকান্দির সমাজকর্মী সামসুর রহমান লস্কর বলেন, তমিজ উদ্দিন লস্করের মৃত্যুতে সমাজ একজন সমাজদরদী মানুষকে হারাল। তিনি সবসময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সমাজের যে কোনও সমস্যায় ঝাঁপিয়ে পড়তেন।
এছাড়াও শোকসভায় তমিজ উদ্দিন লস্করের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন নুরুল হুদা লস্কর, রাধানগরের বিশিষ্ট ব্যক্তি কামাল উদ্দিন লস্কর, পারুল উদ্দিন লস্কর, মস্তুফা আলম লস্কর, শিলচর মধুরবন্দের নজমুল ইসলাম লস্কর, পূর্ব গোবিন্দপুরের জসিম উদ্দিন লস্করসহ আরও অনেকে।



