বরাক তরঙ্গ, ১০ মার্চ : নলবাড়ির কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অশোক শর্মাকে আটক করেছে পুলিশ। তাঁর সঙ্গে প্রদেশ কংগ্রেসের সম্পাদক দিব্যজ্যোতি হালই সহ মোট ১২ জন কংগ্রেস কর্মীকেও আটক করা হয়েছে। সোমবার রাতে নলবাড়ি পুলিশ কংগ্রেসের নেতা-কর্মীদের আটক করে।
জানা গেছে, বিজেপি নেতাদের বিরুদ্ধে কংগ্রেস নেতাকে আক্রমণের অভিযোগ তুলে রাতে নলবাড়ি সদর থানায় প্রতিবাদ জানায় কংগ্রেস। অভিযোগ অনুযায়ী, বিজেপির জন আশীর্বাদ যাত্রা চলাকালীন কংগ্রেস নেতার উপর হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে অশোক শর্মার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা নলবাড়ি থানাকে ঘেরাও করেন। এরপরই নলবাড়ি পুলিশ তাদের আটক করে।
উল্লেখ্য, সোমবার নলবাড়িতে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই যাত্রার সময় একাংশ বিজেপি নেতার বিরুদ্ধে কংগ্রেস নেতাকে আক্রমণের অভিযোগ ওঠে। বর্তমানে আটক কংগ্রেস নেতা-কর্মীরা এখনও পুলিশ থানায় রয়েছেন।



