অসমের তিনটি রাজ্যসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন প্রার্থী

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : অসমের তিনটি রাজ্যসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন প্রার্থী। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপির যোগেন মহন, তেরছ গোয়ালা এবং ইউপিপিএলের প্রমোদ বড়ো। সোমবার, ৯ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রতিটি আসনের জন্য মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় রাজ্যসভার অসমের তিনটি আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার রাজীব ভট্টাচার্য সোমবার তিন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনের দিন নির্ধারিত ছিল। তবে কোনো আসনে একাধিক মনোনয়নপত্র জমা পড়লে তবেই নির্ধারিত দিনে ভোটগ্রহণ হতো। কিন্তু তিনটি আসনের জন্য কেবল যোগেন মহন, তেরছ গোয়ালা এবং প্রমোদ বড়োই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ফলে শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। সেই অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বিজেপির দুই প্রার্থী যোগেন মহন ও তেরছ গোয়ালা এবং ইউপিপিএলের প্রমোদ বড়োকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

উল্লেখযোগ্য যে, আগামী মে মাসের মধ্যে রাজ্যসভায় অসমের তিনটি আসন শূন্য হয়ে যাবে। এই তিনটি আসনে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন বিজেপির রামেশ্বর তেলি, ভূবনেশ্বর কলিতা এবং বিরোধী শিবিরের সম্মিলিত প্রার্থী অজিত কুমার ভূঞা। তবে বিধানসভায় ভোটের সংখ্যাগত সমীকরণ এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনটি আসনেই এনডিএ প্রার্থীরা জয়লাভ করতে সক্ষম হয়েছেন।

সোমবার বিকেলে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে বিজেপির দুই প্রার্থী যোগেন মহন, তেরছ গোয়ালা এবং ইউপিপিএলের প্রমোদ বড়ো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে অসম বিধানসভা সচিবালয়ে অবস্থিত রাজ্যসভা নির্বাচন দপ্তরে রিটার্নিং অফিসার রাজীব ভট্টাচার্য তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজয়ীর শংসাপত্র প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *