বরাক তরঙ্গ, ৯ মার্চ : কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে ‘কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭’ নিয়ে আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের পড়ুয়ারা। সোমবার আয়োজিত এই ওয়েবিনারের মূল বিষয় ছিল ‘শিক্ষা, দক্ষতা ও বিশ্ববিদ্যালয় টাউনশিপ : বিকশিত ভারত @২০৪৭-এর পথে’। এতে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কেন্দ্রীয় বাজেটে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সংক্রান্ত ঘোষণাগুলির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। ‘সবকা সাথ, সবকা বিকাশ – মানুষের আকাঙ্ক্ষা পূরণের পথে’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবেই এই ওয়েবিনারের আয়োজন করে কেন্দ্রীয় উচ্চশিক্ষা বিভাগ।
শুরুতে সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে পৃথক আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এসব আলোচনার মধ্যে ছিল শিক্ষা থেকে কর্মসংস্থানের সংযোগ স্থাপন, সৃজনশীল শিল্পের বিকাশ, বিশ্ববিদ্যালয় টাউনশিপ গঠন, স্টেম (STEM) শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা এবং দিব্যাঙ্গদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি ‘দিব্যাঙ্গজন কৌশল যোজনা’।

এই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থীরা জাতীয় নীতিনির্ধারণের দিকনির্দেশনা, অর্থনৈতিক উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।



