রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব এসইউসিআই (সি)

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : ঘরোয়া রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানোর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে যখন সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে, তখন সরকারের এই সিদ্ধান্ত দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের উপর আরও বড় বোঝা চাপিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনও কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং রন্ধন গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ানো হয়েছে।

চন্দ্রলেখা দাসের মতে, বর্তমান বিজেপি সরকার মূলত পুঁজিপতিদের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত। ভর্তুকি কমিয়ে এবং জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে অর্থ আদায় করা হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জনজীবনে। এই সিদ্ধান্তকে “চরম জনবিরোধী” আখ্যা দিয়ে তিনি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *