এক ঘণ্টায় তিন দফা ইরানের মিসাইল হামলা ইজরায়েলে, মধ্যাঞ্চলে সতর্ক সাইরেন

Spread the news

৯ মার্চ : দখলদার ইজরায়েলকে লক্ষ্য করে এক ঘণ্টার মধ্যে তিন দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর অল্প সময়ের ব্যবধানে আরও দুই দফা হামলা চালানো হয় বলে জানিয়েছে ইজরায়েলি গণমাধ্যম The Times of Israel। মিসাইল হামলার পর ইজরায়েলের মধ্যাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিশেষ করে রাজধানী তেল আবিব, হাইফা এবং আশপাশের শহরগুলোতে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। এতে মধ্য ইজরায়েলের একটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা তেল আবিব ও বিরশেবা শহরের একাধিক ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। Tasnim News Agency-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের সময় জর্ডানের আজরাক শহরে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘মুওয়াফফাক আল-সালতি’তেও কয়েক দফা আঘাত হানা হয়েছে। আইআরজিসি এই ঘাঁটিটিকে মার্কিন যুদ্ধবিমানের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, তেহরান থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে হামলার মাত্রা ও গভীরতা আরও বহুগুণ বাড়তে পারে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে অব্যাহত ইরানি ড্রোন ও মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *