বরাক তরঙ্গ, ৮ মার্চ: আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রতনপুর চা বাগান এলাকায় লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে দিনটি পালন করে চা বাগানের দশজন মহিলা শ্রমিককে উত্তরীয়, মিষ্টি এবং একটি করে শাড়ি প্রদান করে সম্মানিত করা হয়। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সেই সকল মহিলাদের সংবর্ধনা জানানো হয়, যাঁরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ‘মহিলা সশক্তিকরণ’-এর উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন।
এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন পিঙ্কি সিং দাস এবং পুরো উদ্যোগটির স্পনসরও ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের গাইডিং লায়ন সঞ্জীব রায় বলেন, লায়ন্স ক্লাব বিশ্বজুড়ে সবসময়ই মহিলা শ্রমিকদের পাশে রয়েছে এবং আন্তর্জাতিক মহিলা দিবস তাদের সম্মান জানাবার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজল কান্তি দাস, পাপিয়া দাস সহ ক্লাবের একাধিক সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।



