আঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন বিতরণ, নারী দিবসে সেরাদের সংবর্ধনা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : কাছাড় জেলার শিলচর রুরাল ও আরবান আইসিডিএস-এর আঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে স্মার্টফোন বিতরণ এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান রবিবার গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে বিধায়ক নিজ হাতে আঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে স্মার্টফোন বিতরণ করেন। তিনি বলেন, এই উদ্যোগ কর্মীদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে, বিশেষ করে ডিজিটাল নথি সংরক্ষণ এবং আইসিডিএস প্রকল্পের কার্যকর বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আঙ্গনওয়াড়ি কর্মীরা শিশু ও মাতৃকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজগঠনে নারীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নারীকল্যাণমূলক উদ্যোগগুলির প্রশংসা করেন।

অনুষ্ঠনের শুরুতে জেলা সমাজকল্যাণ আধিকারিক শোভনা দেবী স্বাগত ভাষণে বলেন, স্মার্টফোন কর্মীদের দৈনন্দিন কাজে বিশেষ সহায়তা করবে। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সিপিডিও বিজয় বরুয়া, বর্ণালী ভট্টাচার্য, এম হক লস্কর, অপু সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সেরা সুপারভাইজার, কর্মী ও সহায়িকাদের সংবর্ধনা জানানো হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সুস্মিতা মোদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *