বরাক তরঙ্গ, ৮ মার্চ : কাছাড় জেলায় মাদকবিরোধী বড় সাফল্য পেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ৭ মার্চ গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস যৌথভাবে শিলচর–কালাইন সড়কে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন দুটি গাড়ি আটক করা হয়। আটক গাড়িগুলির নম্বর AS01 DR 7027 (হুন্ডাই ক্রেটা) এবং AS 29 9335 (বোলেরো)। গাড়ি দু’টির তল্লাশি চালিয়ে মোট ৪৮টি সাবান কেসে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন প্রায় ৫৩৮ গ্রাম বলে জানা গেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে ৪৮টি সাবানের কেসে রাখা হেরোইন, দু’টি গাড়ি (ক্রেটা ও বোলেরো)
ও ৬টি মোবাইল ফোন উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।




