হাইলাকান্দি জেলাজুড়ে ইভিএম–ভিভিপিএট সচেতনতা অভিযান জোরদার

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৬ মার্চ : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলাজুড়ে ভোটারদের সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ইভিএম ও ভিভিপিএট সচেতনতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছে।জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মোট ৪৮৬টি স্থানে ধাপে ধাপে ইভিএম–ভিভিপিএট প্রদর্শনী ও সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। এর মধ্যে ১২১ নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ১৯৯টি স্থান এবং ১২২ নং কাটলিছড়া–আলগাপুর বিধানসভা কেন্দ্রের ২৮৭টি স্থানে এই সচেতনতা অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন গ্রামাঞ্চল, হাট-বাজার, মেলা ও জনবহুল এলাকায় সরাসরি ইভিএম ব্যবহারের পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মসূচির আওতায় ইভিএম ডেমোনস্ট্রেশন সেন্টার এবং মোবাইল ডেমোনস্ট্রেশন ভ্যান ব্যবহার করে জেলার প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে সাধারণ মানুষকে ইভিএম ও ভিভিপিএট ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই মোবাইল সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভোটারদের আরও সচেতন করতে হাইলাকান্দি জেলা কমিশনার কার্যালয় সংলগ্ন জেলা সদর রেভিনিউ সার্কল অফিস প্রাঙ্গণের সামনে একটি স্থায়ী ইভিএম–ভিভিপিএট ডেমোনস্ট্রেশন ও সচেতনতা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। এখানে আগ্রহী নাগরিকদের জন্য ইভিএম ও ভিভিপিএট সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ভোটারদের মধ্যে ইভিএম সম্পর্কে যাবতীয় বিভ্রান্তি দূর করা এবং প্রযুক্তিটি সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করা, যাতে আসন্ন নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়। প্রতিদিনের প্রদর্শনী শেষে ব্যবহৃত ইভিএম ও ভিভিপিএট মেশিনগুলো জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত নির্দিষ্ট ওয়ারহাউসে কঠোর নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *