বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সেশেনটেনিয়াল (১৫০ বছর) উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান শুক্রবার এক আন্তরিক ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন, যা সম্পন্ন করেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়।
উন্মোচিত স্মারক গ্রন্থে কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের ১৫০ বছরের ঐতিহাসিক পথচলা, আইনজীবীদের গুরুত্বপূর্ণ অবদান এবং বিচারব্যবস্থায় তাদের ভূমিকার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পঙ্কজকান্তি দে, সম্পাদক নীলাদ্রি রায়সহ বর্ষীয়ান আইনজীবী অশোক পাল, ইয়াসিন আলি মজুমদার, অনিল চন্দ্র দে, বিথীকা আচার্য, প্রসেনজিৎ দে এবং কস্তুরী হোম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের দীর্ঘ ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। এই বিশেষ উপলক্ষে স্থানীয় আইনজীবী সমাজ অ্যাসোসিয়েশনের ১৫০ বছরের সাফল্য উদযাপন করার পাশাপাশি ভবিষ্যতেও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



