আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে নিহত ১৩৩

Spread the news

২৭ ফেব্রুয়ারি : আফগান সীমান্তে সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলার জবাবে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামের এ অভিযানে দেশটির বিমান বাহিনী ও স্থলবাহিনী একযোগে অংশ নিয়েছে। পাকিস্তানের দাবি, অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত এবং আরও দুই শতাধিক আহত হয়েছেন। সীমান্তজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযানের তথ্য জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও সেনাবাহিনী আফগানিস্তানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। অভিযানের আওতায় রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।

মোশাররফ জাইদি দাবি করেন, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে ২৭টি আফগান সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানের স্থলবাহিনী। পাশাপাশি আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যমতে, বিমান হামলায় আফগান বাহিনীর দুটি সেনা সদরদপ্তর, তিনটি ব্রিগেড সদর, দুটি গোলাবারুদ ভাণ্ডার, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর, দুটি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টির বেশি ট্যাংক এবং বিপুলসংখ্যক আর্টিলারি ও সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এই অভিযানের পটভূমি তৈরি হয় গতকাল বৃহস্পতিবার রাতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত পাক সেনাচৌকিগুলোতে অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে ইসলামাবাদের দাবি। এ ঘটনার পরপরইপাকিস্তান দ্রুত প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেয়।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে জানান, আফগান সেনারা নাইট ভিশন ও লেজার-নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে ওই হামলা চালিয়েছে। তাঁর বক্তব্য ছিল, “এবার ওদের (পাকিস্তানি সেনাবাহিনী) আমরা নরকে পাঠাব।” সীমান্তে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান পূর্ণমাত্রার অভিযান শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *