১৬ ফেব্রুয়ারি : ফের বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে ২ ডিগ্রি চড়তে পারে তাপমাত্রা
সপ্তাহের শেষে ১৮ থেকে ১৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ রয়েছে সকাল ও রাতের দিকে।তবে একে শীত না বলে বসন্তের এন্ট্রি বলা যেতেই পারে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে না হলেও বসন্তের আমেজ টের পাওয়া যাচ্ছে। সকালে ও রাতে হালকা শীতের আমেজ। বেলাতে চড়ছে তাপমাত্রা। দিনের বেলা অর্থাৎ বেলা বাড়তেই গরম টের পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।
উত্তরবঙ্গে এখনও ভালো ঠান্ডা রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রিতে রয়েছে। কালিম্পং সহ পাহাড়ি এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। উত্তরের বাকি জেলাতেও শীতের আমেজ রয়েছে।সোমবার থেকে দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (Indian Weather Department)। আগামী তিনদিন ১১ টি রাজ্যে বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পাটনায় মেঘলা আকাশ থাকবে। আলিগড় সহ উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টি পরিস্থিতি দেখা দিতে পারে। পাহাড়ি এলাকায় ফের তুষারপাত ও ধসের আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারত থেকে পার্বত্য রাজ্যগুলোতে আবহাওয়ার বেশ কয়েকদিন পরিবর্তন হবে।



