খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না,  ভুপেনের দলত্যাগের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : ভুপেন বরা আজ কংগ্রেস দলত্যাগ করেছেন। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতির দলত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ পরিবারের ছেলে কংগ্রেসে নেতৃত্ব দিতে পারে না। খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না। নিজের ধর্মকে সম্মান ও ভালোবাসা করা মানুষ কংগ্রেসে থাকতে পারে না। কংগ্রেসের বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতির—উভয়েরই বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন।”

তিনি আরও বলেন, “আমি আগামীকাল ভুপেন বরার বাড়িতে যাব। তাঁর এই দুঃসময়ে সমবেদনা জানাতে যাব। ভুপেন বরা এখন পর্যন্ত আমার বা বিজেপির সঙ্গে কোনো আলোচনা করেননি। তাঁর পদত্যাগপত্রে বিস্ফোরক মন্তব্য রয়েছে। তিনি লিখেছেন যে কংগ্রেস দল বর্তমানে রকিবুল হোসেন–এর নিয়ন্ত্রণে চলে গেছে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, “ভুপেন বরার জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। তিনি বিজেপিতে যোগ দিলে একটি সুরক্ষিত আসন থেকে নির্বাচনে জয়লাভের সুযোগ করে দেওয়া হবে। আমরা তাঁকে বিধায়ক বানাব।” এছাড়াও মুখ্যমন্ত্রী দাবি করেন, “২০২৯ সালের আগে প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেস ত্যাগ করবেন। গৌরব গগৈ ২০২৯ সালে যোরহাট থেকে নির্বাচন করবেন না, বরং নগাঁও থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আত্মসম্মানবোধসম্পন্ন হিন্দু নেতারা আগামী দুই বছরের মধ্যে কংগ্রেসে থাকতে পারবেন না। ইতিমধ্যেই বহু কংগ্রেস কার্যালয়ে ধর্মীয় কার্যক্রম শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *