দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিলচর শহরের উপকণ্ঠে কাঁঠাল রোডের বন্দের শিববাড়ি মহাশিবরাত্রির উৎসবে ধর্মপ্রাণ শিবভক্তদের মনে সারা জাগিয়েছে। বাইপাস ও কাঁঠাল রোডের সংযোগস্থলে স্থাপিত এই শিববাড়িতে শিবরাত্রি উপলক্ষে নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে স্থানীয় মহিলাদের রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভক্তরা সুশৃঙ্খলভাবে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের সংগীত-নৃত্যের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য রক্ষার জন্য গাজনের গান, ধামাইল নৃত্যের আয়োজন করা হয়েছে।
সোমবার পুরো দিন ধরে পূজার্চনা, প্রসাদ বিতরণ চলবে। দুই দিনের এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন বরাক উপত্যকার অন্যতম শিল্পী বিধান লস্কর। তিনি বলেন, “এই শিববাড়ি শিলচরের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গাজন ও ধামাইলের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি। ভক্তদের সংখ্যা দেখে মনে হচ্ছে, শিবভক্তির জোয়ার এসেছে।”



